কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তার মোট শেয়ারের ৫ শতাংশ একটি নতুন জনস্বার্থ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছে। ক্লড চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, কোম্পানির মূল্য বাড়ার সঙ্গে তহবিলে শেয়ারের পরিমাণও বাড়বে। রোববার (১৮ অক্টোবর) এই ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অ্যানথ্রোপিক পাবলিক বেনিফিট ফান্ড’-এ ৫ শতাংশ শেয়ার যাবে, যা শেয়ারহোল্ডারদের অনুমোদনের সাপেক্ষে কার্যকর হবে। কোম্পানির মূল্য প্রতি ৫০ শতাংশ বাড়লে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এই তহবিলে আরও ২ শতাংশ শেয়ার যোগ করা যাবে।

এই তহবিল অলাভজনক সংস্থায় অনুদান দিতে এবং নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ বিতরণেও ব্যবহার করা যাবে। এআইয়ের কারণে শ্রমবাজারে যে পরিবর্তন আসছে, তা মোকাবিলাও তহবিলটির অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে কাজ করতে অ্যানথ্রোপিক ইতোমধ্যে ২০ কোটি ডলার বরাদ্দ করেছে বলে জানানো হয়েছে।

অ্যানথ্রোপিক বলছে, তহবিলটি যুক্তরাষ্ট্র বা বিদেশে কোনো লবিং কিংবা রাজনৈতিক অনুদানে ব্যবহার করা হবে না। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে ‘পাবলিক বেনিফিট কর্পোরেশন’ হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠানটি এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই তালিকাভুক্তিতে কোম্পানির মূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

গত সেপ্টেম্বরে শেষ হওয়া তিন মাসে প্রতিষ্ঠানটির আয় ৪৫ শতাংশ বেড়ে ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিবিসি জানিয়েছে, ঘোষণার পর ইলন মাস্ক বলেছেন, শেয়ারগুলো সরাসরি জনগণকে দেওয়া উচিত।