দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল ১০ থেকে ২০ মিনিট পরপর চলবে। ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে সকাল থেকে ট্রেন চলাচল করবে। আর ২৩ অক্টোবর (শুক্রবার) ট্রেন চলাচল শুরু হবে বিকাল ৩টা থেকে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ এ সময়সূচি জানিয়েছে।

ডিএমটিসিএল অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। রাতে যাত্রীচাহিদা অনুযায়ী বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হবে। ওই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালিত হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকাল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকাল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৫০ মিনিটে ও রাত ১০টা ৩০ মিনিটে।

যাত্রীচাপ সামলাতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

উল্লেখ্য, স্বাভাবিক কর্মদিবসে ব্যস্ত সময়ে ৫ থেকে ৬ মিনিট এবং অন্য সময়ে সাধারণত ৮ থেকে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। ছুটির বিশেষ সময়সূচিতে সেই বিরতি বাড়ছে।