বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনা ধারণ করে না—বিএনপির এমন অভিযোগকে হাস্যকর বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না—বিএনপির এমন অভিযোগ হাস্যকর। জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না।’
তিনি অভিযোগ করেন, বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোক বসাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে এসব পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
জামায়াতসহ ১১ দল জুলাইয়ের পক্ষে থাকার কথা তুলে ধরে তিনি বলেন, তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন করছে। বিএনপি জুলাইকে ধারণ না করে গণভোটকে অস্বীকার ও বাতিল করেছে বলেও তাঁর অভিযোগ।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



