অস্ট্রেলিয়ার স্বতন্ত্র এমপি হেলেন হেইনস গাড়িচাপায় গুরুতর আহত হওয়ার পর তাঁর একটি পা কেটে ফেলতে হয়েছে। চিকিৎসকরা তাঁর অপর পাটি বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁর অবস্থা গুরুতর তবে স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৬৫ বছর বয়সী হেইনস ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাটায় ‘ইন্ডি’ আসনের প্রতিনিধিত্ব করেন। সোমবার বিকেলে নিজের নির্বাচনী অফিসের বাইরে গাড়ি থেকে জিনিস নামাচ্ছিলেন তিনি। তখন একটি টয়োটা ল্যান্ড ক্রুজার তাঁকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, চালক গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে হেইনসকে একটি গাড়ির সঙ্গে চাপা দেন, এরপর পেছনে চালিয়ে দ্বিতীয়বার আঘাত করেন।
হেইনসকে প্রথমে ওয়াঙ্গারাটার হাসপাতালে নেওয়া হয়, পরে হেলিকপ্টারে মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতেই তাঁর জরুরি অস্ত্রোপচার হয়।
পুলিশ ঘটনাস্থলেই ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। গার্ডিয়ান অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, তাঁর নাম ব্রেন্ডন নিউজেন্ট, বাড়ি তারাওইঙ্গিতে। পাশের সেলুনের কর্মী রিকি জেফারিস দৌড়ে এসে পুলিশ পৌঁছানো পর্যন্ত তাঁকে ধরে রাখেন। জেফারিসের দাবি, ওই ব্যক্তির কাছে একটি ছুরি ছিল।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি ইচ্ছাকৃত হামলা, দুর্ঘটনা নয়। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে ভিক্টোরিয়া পুলিশ, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ, এএসআইও এবং যৌথ সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স।
পুলিশ বলছে, এটি বিচ্ছিন্ন ঘটনা এবং অন্য কারও জন্য কোনো চলমান হুমকি নেই। আলবানিজ রাজনৈতিক বিতর্কের উত্তাপ কমানোর আহ্বান জানিয়েছেন।
হেইনস ২০১৯ সালে প্রথম সংসদে নির্বাচিত হন। এর আগে তিনি নার্স, ধাত্রী ও শিক্ষাবিদ ছিলেন। দুর্নীতিবিরোধী জাতীয় কমিশন গঠনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল; গ্রামীণ স্বাস্থ্যসেবা ও টেলিযোগাযোগেও কাজ করেছেন।



