ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০ দশমিক ৫ কিলোমিটার বিআরটি করিডোরের অবকাঠামো সরিয়ে সেটিকে ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০১২ সালে অনুমোদিত প্রকল্পটি ১৪ বছর পর বাতিল হচ্ছে; যে বিশেষ বাস চলাচলের জন্য এটি নেওয়া হয়েছিল, সেটি কখনো চালু হয়নি।
গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞ দলের সুপারিশ করা চতুর্থ বিকল্পটি গ্রহণ করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তাসলিমা আহমেদ পলির সই করা চিঠিতে বলা হয়েছে, করিডোরের স্টেশন ও লেন বিভাজক সরিয়ে দুই দিকে তিনটি করে মোট ছয় লেনের মহাসড়ক করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিআরটি করিডোরে নির্মিত দুটি দুই লেনের ওভারপাস চার লেনে উন্নীত করা হবে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা বাস র্যাপিড ট্রানজিট পিএলসি বন্ধ করে এর কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কাছে হস্তান্তর করা হবে। উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করে আইনি জটিলতা নিরসনের পর প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসের ৩ তারিখের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২০১২ সালের নভেম্বরে একনেক বিআরটি প্রকল্প অনুমোদন করে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ টাকা এবং ২০১৬ সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। পরে ব্যয় বাড়িয়ে ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা করা হয়। চতুর্থ দফায় ব্যয় প্রায় ৬ হাজার ৫৯৭ কোটি টাকা এবং মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ২০২৫ সালের ২৭ জুলাই একনেক না-মঞ্জুর করে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৮১১ কোটি টাকা। ভৌত অগ্রগতি প্রায় ৯৭ শতাংশ হলেও পুরো করিডোরে বিআরটি সেবা চালু করা যায়নি। বরং নির্মাণকাজের কারণে বিমানবন্দর, টঙ্গী ও গাজীপুর এলাকার যানজট বেড়েছে।
বুয়েটের অধ্যাপক মো. শামসুল হক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেন, সরকার গভীর কারিগরি প্রতিবেদনের সুপারিশ বিবেচনায় নিয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ যুক্তিসঙ্গত এবং ভবিষ্যৎ পরিকল্পনায় করিডোর ধরে পর্যাপ্ত যাত্রীবাহী ট্রেনসেবা নিশ্চিত করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
গাজীপুর হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অবশ্য বলেছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত বিশেষজ্ঞদের সুপারিশের একটি অংশকেই প্রতিফলিত করেছে।



