গোপালগঞ্জ সদর উপজেলার শহরতলির ঘোষেরচর এলাকায় ফুটবল খেলা নিয়ে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঘোষেরচর এলাকার একটি মাঠে দুই গ্রামের মধ্যে খেলা চলাকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফকিরকান্দির কয়েকজনের বিরুদ্ধে ঘোষেরচরের হান্নান মোল্লাকে (২৮) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে। হান্নান ঘোষেরচর গ্রামের কামরুল মোল্লার ছেলে।

এ ঘটনার পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর টর্চলাইট জ্বালিয়ে এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের লোকজন জড়ো হন। পরে তাঁরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।