বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প সংরক্ষণ ও প্রসারে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬। শনিবার ১৭ অক্টোবর ২০২৬ দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ১৮ জন মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়।
তাঁদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ ইউনিয়নের প্রবীণ মৃৎশিল্পী নিরঞ্জন পাল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছোট ছেলে ও শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সম্মেলনের আগে করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। অনুষ্ঠানে দেশের নানা অঞ্চলের মৃৎশিল্পের ঐতিহ্য ও কারুশৈলী তুলে ধরা হয়; মৃৎপাত্র, মনসার ঘট, পুতুল, শখের হাঁড়ি, মাটির খেলনা ও অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পসামগ্রীর নমুনা প্রদর্শিত হয়। গবেষক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
সম্মাননা পেয়ে খুশি হলেও হারিয়ে যেতে বসা মৃৎশিল্প টিকিয়ে রাখতে সরকারের কার্যকর সহযোগিতা চেয়েছেন অংশগ্রহণকারী শিল্পীরা। দর্শনার্থীরা বলছেন, বছরের পর বছর ধরে এই আয়োজন নতুন প্রজন্মকে মাটি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করছে।



