বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে বাংলা ট্রিবিউন জানিয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় এ সংঘর্ষ হয়।

বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, আন্দোলনের টানা পঞ্চম দিনে বেলা ১১টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। রাজলক্ষ্মী-সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে জড়ো হয়ে তাঁরা মহাসড়কের পূর্ব পাশে অবস্থান নেন। পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়; একপর্যায়ে শ্রমিকেরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে; পরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। উত্তর পূর্ব থানার ওসি মোর্শেদ আলম বলেছেন, শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হলে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করা হয়; পরিস্থিতি এখন স্বাভাবিক এবং কেউ আটক হয়নি।

এর আগে গত ১৪ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোরকে উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন জানিয়েছিলেন, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে সড়কে বিক্ষোভ করছিলেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। ওই দিন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।