তৃণমূল পর্যায়ের তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাদের অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে আট জেলার ৬৪ উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রথম ধাপে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হয়। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।
প্রাথমিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোনায়, ৫ হাজার ৩৫১টি। এরপর রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে ২ হাজার ১৯১টি। হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।
বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে নামানো যাবে; জমা দিতে হবে নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায়।
কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন—অর্ধেক ব্যাংকঋণ, অর্ধেক অনুদান। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই অর্থায়নে জামানত লাগবে না। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করলে বা অর্থের অপব্যবহার হলে অনুদানের টাকাও ঋণে রূপান্তরিত হবে।



