লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আয়োজিত বন্যপ্রাণী আলোকচিত্রের শীর্ষ প্রতিযোগিতা ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬’-এর পোর্টফোলিও পুরস্কার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আলোকচিত্রী কুতুব উদ্দিন। তাঁর পুরস্কারজয়ী সিরিজের নাম ‘সিক্রেট ওয়ার্ল্ডস’।

প্রতিযোগিতায় বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চল থেকে রেকর্ড ৬৫ হাজার ৪০৩টি ছবি জমা পড়ে। এ বছরের সেরা ছবির স্বীকৃতি পেয়েছে ইতালির ফেদেরিকো ভেরোনেসির ‘দি আফটারমাথ’—নামিবিয়ার হুয়াব নদী উপত্যকায় একটি মৃত বাচ্চাকে শুঁড় ও দাঁতের ফাঁকে আগলে হাঁটা একটি হাতির ছবি।

কুতুব উদ্দিনের ছবিগুলো স্লাইম মোল্ড নামে পরিচিত অতি ক্ষুদ্র জীবের জগৎ নিয়ে। খালি চোখে প্রায় দেখা যায় না, এমন এসব প্রাণীর ফ্রুটিং বডি মাত্র এক থেকে দুই মিলিমিটার উঁচু। ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের বনাঞ্চলে মরা গাছ ও ভেজা মাটিতে তিনি এদের খুঁজে বের করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে স্লাইম মোল্ডের প্রতি আগ্রহ জন্মায় কুতুব উদ্দিনের; এরপর থেকে এই অচেনা জগৎ ক্যামেরায় বন্দি করাই তাঁর কাজের বড় অংশ। তাঁর ছবিতে স্লাইম মোল্ডের গঠন কখনো কখনো অদ্ভুত ভাস্কর্যের মতো দেখায়।

ভারতের সীতারাম রাউল ‘বিহেভিয়ার: ইনভার্টেব্রেট’ বিভাগে পুরস্কার পেয়েছেন। এ ছাড়া সেরা তরুণ আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ে ও যুক্তরাজ্যের অস্কার হুইটফিল্ড।

বিজয়ী ছবিগুলো নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে গত ১৬ অক্টোবর; লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে তা চলবে আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত।