মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন। মার্কিন কোস্টগার্ড ও নৌবাহিনী এবং মেক্সিকান নৌবাহিনীর সহায়তায় তাঁদের খোঁজে অভিযান চলছে।

আল জাজিরা ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোরে নৌকাটি থেকে ‘মে-ডে’ সংকেত পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা পর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ১৬ জনকে পানি থেকে তুলে আনা হয়। উদ্ধার হওয়া সবাই মেক্সিকোর নাগরিক।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া কয়েকজনের আঘাত হাঙরের কামড়ের সঙ্গে মিলে যায়। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকায় ২৭ জন ছিলেন। মেক্সিকোর এনসেনাদা শহর থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে নৌকাটি ডুবে যায়—এলাকাটি মাছ ধরা ও বিনোদনের নৌকার জন্য জনপ্রিয় হলেও চোরাচালানকারীরাও ব্যবহার করে।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট সান্তিয়াগো তাম্বুরিনি জানান, ঘটনাটি মার্কিন জলসীমায় ঘটেনি। তবু সহায়তার জন্য তারা উদ্ধারকাজে অংশ নিয়েছে। শনিবার আরেকটি হেলিকপ্টার মোতায়েনের কথা ছিল।

এর আগেও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী পরিবহনের সময় প্রাণহানি ঘটেছে। ২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের উত্তর দিকে একটি নৌকা উল্টে অন্তত তিনজন মারা যান। ২০২৩ সালে সান দিয়েগোর কাছাকাছি ঘন কুয়াশার মধ্যে দুটি নৌকা আসার সময় একটিতে আটজন নিহত হন।