যশোরের ঝিকরগাছা উপজেলায় পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে ভাইবোন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানে দুর্গাপূজার মণ্ডপের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি।
পথে ফুলতলা এলাকায় গরুবোঝাই একটি নসিমনের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই শোভন ও দিশা মারা যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনায় শিশুদের বাবা-মা, নসিমনচালক আব্দুল মজিদ (৪৫) ও এক যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইউএনবি জানিয়েছে, নসিমনচালককে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। উৎসবের দিনে এই মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।



