পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে এ তথ্য জানান।
সোমবার বিকেল ৫টা ২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ৫টা ৪ মিনিটে খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠায়; পরে আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, ষষ্ঠ তলার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। সেখানকার কয়েকটি গুদামে প্রসাধনী, ইলেকট্রনিক পণ্য ও ছাতা ছিল বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

